ব্রাহ্মণবাড়িয়ায় বিডিআর-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারত এবং বাংলাদেশের সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে রোববার দুপুরে কসবা রেল স্টেশন চত্বরে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ রায়হানুল হক। ভারতের পক্ষে চার সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন ২২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে শর্মা।
বৈঠক সূত্র জানায়, ত্রিপুরা সীমান্তের বিভিন্ন স্থানে অবৈধভাবে গাজা চাষ বন্ধ, ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের চালান না দিয়ে সমঝোতার মাধ্যমে বিডিআরের কাছে হস্তান্তর, চোরাচালান, মাদক দ্রব্য প্রতিরোধ, দুদেশের সীমান্তে চুরি-ডাকাতি বন্ধ, বিডিআর-বিএসএফ সমন্বয় টহল জোরদার করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
