বিএসইসি ভবনে আগুনে হতাহতদের পরিবারকে আর্থিক অনুদান
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) ভবনে গত ২৬ ফেব্রুয়ারি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রোববার অনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়েছে।
শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বিএসইসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মঞ্জুরকৃত এই অনুদান হতাহতদের পরিবার ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হস্তান্তর করেন।
অগ্নিকাণ্ডে নিহত বিএসইসির দুই কর্মকর্তার পরিবারের হাতে এক লাখ টাকা করে ২ লাখ টাকা, গুরুতর আহত দুইজনকে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা, মাঝারি আহত ছয়জনকে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা, সামান্য আহত ১৭ জনকে পাঁচ হাজার টাকা করে ৮৫ হাজার টাকাসহ মোট ২৭ জনের মধ্যে ৪ লাখ ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন, সরকার সীমিত সামর্থ্যরে মধ্যেও অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে সাধ্যমতো সহায়তা দিয়েছে। তিনি নিহত কর্মচারীর যোগ্য পোষ্যকে বিএসইসিতে কর্মসংস্থানের বিষয়টি যথাযথ সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান।
শিল্প উপদেষ্টা বলেন, রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের ব্যাপারে শুধুমাত্র লোকসান করার কথা শোনা গেলেও বিএসইসি এক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত। অগ্নিকাণ্ডের মতো বিরাট বিপর্যয়ের পরও প্রতিষ্ঠানটি চলতি অর্থ বছরের এপ্রিল মাস পর্যন্ত প্রায় সাত কোটি টাকা মুনাফা অর্জন করেছে। তিনি এজন্য প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি রাষ্ট্রায়ত্ত্ব এ প্রতিষ্ঠানের সাফল্য জনসমক্ষে তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে শিল্প সচিব ড. মো. নূরুল আমীন, বিএসইসির চেয়ারম্যান মো. আবু জাফর, ক্ষতিগ্রস্ত কর্মচারী কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে অগ্নিকাণ্ডে নিহত দুজনকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা, আহত ২৫ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১ লাখ ২৫ হাজার টাকা এবং নিহত দুজনের মধ্যে গোষ্ঠী বীমা পলিসির আওতায় প্রগতি ইন্সুরেন্স থেকে যথাক্রমে ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং ১ লাখ ৪৬ হাজার টাকা দেওয়া হয়েছে।
