২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে নতুন জেলা প্রশাসক নিয়োগের উদ্যোগ

সরকার জেলা প্রশাসনগুলোর শীর্ষ পদে রদবদলের উদ্যোগ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মহসীনুল করিম, নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বেশিরভাগকেই সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে।

রদবদলের আগে জেলা প্রশাসক পদের জন্য নতুন যোগ্য তালিকা (ফিট লিস্ট) তৈরীর কাজ শুরু হয়েছে। ১০০ উপসচিবের একটি খসড়া তালিকা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সংস্থাপন সচিব আবদুস সালাম খান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “জেলা প্রশাসক পদে রদবদল একটি নিয়মিত কার্যক্রম। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা একটি চূড়ান্ত তালিকাও তৈরী করছি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা পেলেই আমরা বদলির কার্যক্রম শুরু করবো”।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদলের আগে একটি যোগ্য তালিকা (ডিসি ফিট লিস্ট) তৈরির জন্য গত ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত তিনদিন ধরে উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ওই সাক্ষাতকারে ২১৫ জন উপ-সচিবকে আমন্ত্রণ জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব, সংস্থাপন সচিব ও স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি সচিব কমিটি তাদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

এতে ১৯৮২, ১৯৮৪ ও ১৯৮৫ সালের ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন। এখান থেকে ১০০ কর্মকর্তাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

এছাড়াও আগের তত্ত্বাবধায়ক সরকারের রেখে যাওয়া আরো একটি তালিকাও বর্তমানে সরকারের হাতে রয়েছে।

দুটি তালিকা থেকে বাছাই করে উপ-সচিব পর্যায়ের যোগ্য কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে পদায়ণ করা হবে।

চলতি সপ্তাহের মধ্যেই গোয়েন্দা প্রতিবেদন পাওয়া যাবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদলের জন্য সরকারের হাতে একটি যোগ্য তালিকা রয়েছে। সেখান থেকেই নতুন পদায়ন করা হবে।

গত বছর অক্টোবর মাসে জোট সরকার বিদায় নেয়ার পর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ৩৯ জন জেলা প্রশাসককে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়। বাকী জেলাগুলোতে জেলা প্রশাসকদের বিভিন্ন জেলায় বদলি অথবা একই জেলায় বহাল রাখা হয়।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর গত সাড়ে তিন মাসে জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ে তেমন কোন পরিবর্তন আনা হয়নি।