ভিওআইপি নীতিমালা প্রণয়নের দায়িত্ব তিন মন্ত্রণালয়ের
ইন্টারনেট এর মাধ্যমে টেলিযোগাযোগের (ভিওআইপি) নীতিমালা প্রণয়নে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার তথ্য সচিব সৈয়দ ফাহিম মুনয়েম।
তিনি জানান, ভিওআইপি সংক্রান্ত একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নে এ তিন মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছে।
অবশ্য এই পরিকল্পনা প্রণয়নের আগে পার্শ্ববর্তী দেশগুলোয় ভিওআইপি কার্যক্রম কীভাবে চলছে সে ব্যাপারে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে।
ফাহিম মুনয়েম আরও জানান, ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ১৪ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত উপদেষ্টা পরিষদের নেওয়া সিদ্ধান্তের ৫৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
এ ব্যাপারে পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ১৪ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত উপদেষ্টা পরিষদের ২০টি বৈঠক হয়েছে। এতে ৬০টি বিষয়ে ৮১টি সিদ্ধান্ত হয়। এসব সিদ্ধান্তের ৩২টি সম্পূর্ণভাবে এবং ৪০টি আংশিক বাস্তবায়ন হয়েছে। বাকি নয়টি বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।
তিনি আরও বলেন, “৩১ মার্চ পর্যন্ত বর্তমান সরকার তিনটি অধ্যাদেশ জারি করে। এছাড়া গঠন করা হয় সাতটি উপদেষ্টা পরিষদ কমিটি। এসব কমিটি এখন পর্যন্ত ১৬টি সভা করেছে।”
শনিবারের বৈঠকের অন্যান্য বিষয় সম্পর্কে তিনি বলেন, “প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত জাতিসংঘ সনদে স্বাক্ষর ও অনুস্বাক্ষর সংক্রান্ত প্রস্তাব সেখানে অনুমোদন হয়েছে।”
এছাড়া বৈঠকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ২ মে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়।
