২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়াজাত পণ্য তৈরিতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান

স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশে পাওয়া সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববাজারে চামড়াজাত পণ্য রপ্তানি করতে পারে ভারত। এ কথা বলেছেন এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 01:52 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শনিবার ঢাকায় ‘বায়ার-সেলার মিট কাম এক্সিবিশন অন ফুটওয়ার কমপোনেন্ট’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুদিনের এ মেলা যৌথভাবে আয়োজন করেছে ভারতীয় দূতাবাস ও দ্য কাউন্সিল ফর লেদার এক্সপোর্ট। ভারতের রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চামড়া শিল্পে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বানও জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, “আমাদের পর্যাপ্ত পরিমাণ চামড়া এবং স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত বিশ্বের দেশগুলোতে রপ্তানির বেশ কিছু সুবিধা রয়েছে। তাই পরস্পরের স্বার্থেই এক্ষেত্রে বন্ধুপ্রতীম দুই দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।”

মীর নাসির হোসেন জানান, বাংলাদেশ বছরে ৮ কোটি ৬০ লাখ বর্গফুট চামড়া রপ্তানি করে ২৫ কোটি ৭০ লাখ ডলার আয় করছে। অথচ ভিয়েতনাম একই পরিমাণ চামড়া থেকে পণ্য তৈরি করে রপ্তানির মাধ্যমে আমাদের চেয়ে অনেক বেশি আয় করছে। এর মধ্য দিয়েই চামড়াজাত পণ্যের বাজারের সম্ভাবনার চিত্র ফুটে উঠেছে।