৩ উপ-সচিব ও ১১ সিনিয়র সহকারি সচিব বদলি
প্রশাসনে উপ-সচিব ও সিনিয়র সহকারি সচিব পর্যায়ে ১৬টি পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে তিনজন উপ-সচিব এবং ১১জন সিনিয়র সহকারি সচিব রয়েছেন।
একই সঙ্গে সচিবালয়সহ বিভিন্ন সরকারি সংস্থা ও বিভাগে বিদ্যুতের অপচয় রোধে গঠিত মনিটরিং কমিটির দায়িত্ব থেকে উপ-সচিব মাহবুব উল আলম, আব্দুর রহমান ও ইকরামুল হককে অব্যহতি দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার এসব বদলির আদেশ জারি করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রেজাউল করিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে এবং উপ-সচিব বিনয় ভূষণ তালুকদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মনসুর হোসেনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।
যে ১১জন সিনিয়র সহকারি সচিবকে বদলি করা হয়েছে তাদের মধ্যে ছয়জনকে ছয়টি ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাকি পাঁচজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে শেরপুর সদরের ইউএনও এবিএম শরিফ উদ্দিনকে যশোর ক্যান্টনমেন্টে, নওগাঁ সদরের ইউএনও নায়েব আলী মন্ডলকে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে, বগুড়া গাবতলীর ইউএনও সাইদুর রহমানকে বগুড়া ক্যান্টনমেন্টে, দিনাজপুরের হাকিমপুরের ইউএনও মুনীর ফেরদৌসকে সৈয়দপুর ক্যান্টনমেন্টে ও সুনামগঞ্জের ধর্মপাশার ইউএনও মো. ফারুকুজ্জামানকে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে এবং গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি হুকুম দখল কর্মকর্তা ফজলুর রহমানকে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন ক্যান্টনমেন্টে বদলি করা হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জের অষ্টগ্রামের ইউএনও প্রণব কুমার রায়কে খুলনার তেরখাদা এবং খুলনা তেরখাদার ইউএনও মোখলেছুর রহমানকে কুড়িগ্রামের ফুলবাড়ীর ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মফিজ উদ্দিন আহমেদকে সাতক্ষীরার আশাশুনি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ জিয়াউল হককে কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব আজিজুল ইসলামকে সিলেটের বিয়ানীবাজারের ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপ-সচিব সহিদউল্লাহ, লিয়াকত আলী মিঞা, ফজলে রাব্বী সাদেক আহমেদকে মনিটরিং ও তদারকির দায়িত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
