খুলনার ৮টি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু
খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে লে-অফকৃত চারটি পাটকল যথাক্রমে প্লাটিনাম, পিপলস, ক্রিসেন্ট ও স্টার জুট মিলসহ আটটি রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা বৃহস্পতিবার বেলা ৩ টা থেকে পরিশোধ করা শুরু হয়েছে।
স্ব স্ব মিল থেকে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হচ্ছে।
বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয়কারী শেখ শামীম আহমদ জানান, লে-অফকৃত চারটি জুট মিল প্লাটিনাম, পিপলস, ক্রিসেন্ট ও স্টার জুট মিলের শ্রমিক কর্মচারীদের মজুরি, বেতন ও উৎসব বোনাস বাবদ ১৪ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করা শুরু হয়েছে।
এ ছাড়া আলীম, ইস্টার্ন, জেজেআই এবং কার্পেটিং জুট মিলের জন্য ৫ কোটি ১৮ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হচ্ছে। আটটি জুট মিলের জন্যে মোট ১৯ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করা হবে। আটটি জুট মিলে মোট বকেয়ার পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা।
সমন্বয়কারী বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের লক্ষ্যে বুধবার রাতে জেলা প্রশাসক এস ফিরোজ আলমের সভাপতিত্বে পাটকলের প্রকল্প প্রধানদের নিয়ে বৈঠক হয়।
তিনি বলেন, শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শ্রমিকদের পাওনা শান্তিপূর্ণভাবে পরিশোধ করা হচ্ছে।
গত ১৬ এপ্রিল থেকে খালিশপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আন্দোলন শুরু করে। ১৯ এপ্রিল প্লাটিনাম, পিপলস, ক্রিসেন্ট ও ষ্টার জুট মিল লে-অফ ঘোষণা করা হয়।
