সিগমা হুদার আগাম জামিন, জাফরউল্লাহর আটকাদেশের বিরুদ্ধে রুল
দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
এ ছাড়া আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দেখাতে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছে।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুইটি আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই আদেশ দেন।
গত ২৬ মার্চ অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ধানমন্ডি থানায় দুর্নীতির মামলা দায়ের করে। কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে দুই কোটি টাকার বেশি পরিমাণ অর্থের গরমিল রয়েছে বলে অভিযোগ আনা হয় এ মামলায়।
২৭ মার্চ সিগমা হুদা এ মামলায় আগাম জামিন চাইলে আদালত তাকে একমাস গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দিয়েছিল। সিগমা হুদার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল বাসেত।
কাজী জাফরউল্লাহকে গত ১৮ এপ্রিল গ্রেপ্তারের পর ২২ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দেয় সরকার। তার ছেলে কাজী ওমর জাফর এই আটকাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন (হেবিয়াস কর্পাস) করেন। মামলাটি পরিচালনা করেন খান টিপু সুলতান।
