২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের হাত থেকে পালাতে গিয়ে ক্যাব চালক নিহত

ঢাকা-সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়কের জয়মন্টব এলাকায় বুধবার গভীর রাতে ডাকাতের তাড়া খেয়ে পালানোর সময় এক ট্যাক্সি ক্যাবচালক নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

নিহত ট্যাক্সিক্যাব চালক শাহ আলমের বাড়ি ঢাকার মধ্য বাড্ডার বালুরচর এলাকায়।

এ ব্যাপারে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ডাকাতের তাড়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে ট্যাক্সি ক্যাবচালক মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন।

সিঙ্গাইর থানা পুলিশ, ভূক্তভোগী এবং স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার রাত একটার দিকে একদল ডাকাত জয়মন্টব এলাকায় গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে বিভিন্ন যানবাহনে ডাকাতি শুরু করে। রাত আড়াইটার দিতে ঢাকা থেকে সিঙ্গাইরগামী একটি ট্যাক্সিক্যাব ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা ক্যাবটি থামানোর চেষ্টা করে। এসময় ক্যাব চালক ব্যারিকেড ভেঙ্গে পালানোর চেষ্টা করলে ডাকাতরা ধাওয়া করে। তাড়া খেয়ে ক্যাব চালক শাহ আলম নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে মারা যান। এ সময় ক্যাবে থাকা যাত্রী সমেজ উদ্দিন, রহম আলী ও কুদ্দুস আহত হন।

ডাকাতির শিকার অপর একটি ক্যাবের চালক সিঙ্গাইরের আসাদ জানান, রাত দেড়টার দিকে সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক ছগিরকে নিয়ে তিনি ঢাকা থেকে ফিরছিলেন। জয়মন্টব এলাকায় পৌঁছালে তিনি ডাকাতের কবলে পরেন। ডাকাতরা ছগিরের মোবাইল ফোন ও নগদ অর্থ লুটে নেয়। এ সময় ডাকাতদের মারপিটে চালক আসাদ আহত হন।

উপ-পরিদর্শক ছগির এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

ট্রাক চালক রুবেল জানান, ডাকাতরা অনেকগুলো যানবাহনের মধ্যে তার ট্রাকও থামিয়ে টাকা-পয়সা লুটে নেয়। তিনি পালানোর চেষ্টা করলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে।