২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপার্টমেন্টের দাম কম দেখিয়ে কর ফাঁকি দিচ্ছেন আবাসন ব্যবসায়ীরা: অর্থ উপদেষ্টা

জমি ও অ্যাপার্টমেন্টের প্রকৃত দামের চেয়ে কম দাম দেখিয়ে আবাসন ব্যবসায়ীরা কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। আবাসন ব্যবসায় বর্তমান মন্দাবস্থাকে স্বাভাবিক ঘটনা বলেও মন্তব্য করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে রিয়াল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশনের (রিহ্যাব) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রিহ্যাব সভাপতি আব্দুল আউয়ালের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে আরও ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি তৌফিক এম সিরাজ।

বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জমি ও অ্যাপার্টমেন্টের দাম পুনঃনির্ধারণে সরকারের চিন্তা ভাবনার ব্যাপারে ইঙ্গিত দেন।

আবাসন ব্যবসায়ীরা জমির নবায়ণ ফি (রেজিস্ট্রেশন) এবং ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের ক্ষেত্রেই ব্যাংক সুদের হার কমানোর ব্যাপারে উপদেষ্টার সহায়তা কামনা করেন।

এর কারণ হিসেবে রিহ্যাব নেতারা বলেন, ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর দুর্নীতিবিরোধী অভিযানের কারণে আবাসন ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে।

তবে উপদেষ্টা রিহ্যাবের ব্যাখ্যা নাকচ করে দিয়ে বলেন, “এটি একটি স্বাভাবিক চিত্র। যুক্তরাষ্ট্রেও এ রকম ঘটছে।”

তিনি আরও বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন খাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমনে অভিযান চালাচ্ছে। এ ছাড়া তারা আবাসন খাতের বিভিন্ন ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কেবল সন্দেহভাজনদেরই তথ্য খুঁজছে।”

ব্যাংকের সুদের হার কমানোর ব্যাপারে রিহ্যাবের দাবির প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, “ব্যাংকার ও গ্রাহকদের পারস্পরিক সম্পর্কের ওপর সুদের হার কমানোর বিষয়টি নির্ভর করছে। এক্ষেত্রে সরকারের পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব নয়।”

রিহ্যাব সভাপতি আব্দুল আউয়াল সাংবাদিকদের বলেন, “আবাসন খাত এখন চরম সমস্যার সম্মুখীন। পরিবর্তিত রাজনৈতিক অবস্থার কারণে ক্রেতা নেই। এই খাতটিকে বাঁচানোর জন্য আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি।”

রিহ্যাবের দেওয়া তথ্য অনুযায়ী জিডিপির ১৫ শতাংশই আসছে এই খাত থেকে। জাতীয় কোষাগারে প্রতি বছর ৭০০ কোটি টাকার রাজস্ব জমা দিচ্ছে তারা। এ ছাড়া এ খাতে মোট বিনিয়োগের পরিমাণ ৩০ হাজার কোটি টাকার মতো।