সোনারগাঁওয়ে ট্রাকসহ ধসে পড়েছে বেইলি সেতু
সোনাগাঁও উপজেলার মাঝেরচর এলাকায় বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটায় মালবাহী একটি ট্রাকসহ বেইলি সেতু ধসে পড়েছে। এর ফলে ঢাকা-আড়াইহাজার, নারায়ণগঞ্জ-আড়াইহাজার রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
সেতুটির বহন ক্ষমতা ১০ টন। ৪০ টন স্টিলের অ্যাংগেলবাহী ১০ চাকার ট্রাকটি প্রচণ্ড গতিতে সেতুটির রেলিংয়ে ধাক্কা দিলে তা ধসে পড়ে।
সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, বহন ক্ষমতার চারগুণ বেশি মালামাল নিয়ে ট্রাকটি সেতুতে উঠে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাক চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল আলম জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। সেতুটি ধসে পড়ার ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে সওজ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
