২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খ্রিস্ট ধর্ম প্রচারক হত্যার দায় স্বীকার করলেন জেএমবি নেতা

মামলার অভিযোগ গঠনের সময় খুনের দায় স্বীকার করেও বিচারের জন্য কিছু সময় পেলেন জেএমবি চট্টগ্রামের অঞ্চলের প্রধান সালাহ উদ্দিন। আলোচিত জামালপুর সরিষাবাড়ির খ্রিস্ট ধর্মপ্রচারক হৃদয় রায় হত্যা মামলার বিচারক সালাহ উদ্দিনের বিরুদ্ধে আরো সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য ৬ মে তারিখ ধার্য করেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 04:48 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার ট্রাইবুনালে বিচারক এ আর মাছউদ এ আদেশ দেন।

নিয়ম অনুযায়ী বিচার শুরুর সময় অভিযোগ গঠনকালে আসামীকে তার অপরাধ পড়ে শুনিয়ে তিনি দোষী না নির্দোষ তা জিজ্ঞেস করা হয়। নির্দোষ দাবি করলে বিচার শুরু হয়, আর দোষী বললে দিতে হয় শাস্তি।

মামলার বিবরণে জানা যায়, সরিষাবাড়ির সানাকইর গ্রামের জনৈকা তাহেরা আক্তারের বাড়িতে ভাড়া থাকতেন হৃদয়। তিনি খ্রিস্টান লাইফে চাকরির পাশাপশি খ্রিস্ট ধর্ম প্রচারে জড়িত ছিলেন। এজন্য জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের নির্দেশে সালাল উদ্দিন ২০০৪ সালের ২৩ এপ্রিল রাতে দুই সহযোগীকে নিয়ে বাড়িতে ঢুকে ঘুমন্ত হৃদয়কে ছুড়ির আঘাতে খুন করেন।

মামলায় আমীর খান ও শরীফ আনোয়ার শিপলুকেও আসামী করা হয়।

বৃহস্পতিবার এ মামলার অভিযোগ গঠনের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে সালাহ উদ্দিন বলেন, কোরানের আয়াতে আছে বিভেদ সৃষ্টিকারীকে খুন করা জায়েজ। তাই নিজ হাতে আমি হৃদয়কে খুন করেছি। তিনি আমীর খান ও শিপলুকে নির্দোষ দাবী করেন। জনৈক আমীর হোসেন হামজা ও অন্য একজন শিপলু খুনের সহযোগী ছিল বলে জানান সালাহ উদ্দিন।

দ্রুতবিচার ট্রাইবুনাল আদালতের পিপি আমিনুল ইসলাম জানান, “আবেগের বশবর্তী হয়ে সালাহ উদ্দিন নিজেকে খুনী দাবি করেছে কিনা নিশ্চিত হতেই বিচারক সালাহ উদ্দিনকে সঙ্গে সঙ্গে শাস্তি না দিয়ে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত সালাহ উদ্দিন, আমীর খান ও শরীফ আনোয়ার শিপলুকে গত বছরের ২৫ এপ্রিল গ্রেপ্তার কার হয়।