ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ শতাংশ
জ্বালানী ও বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি এবং ব্যংকিং খাতের শেয়ারের লেনদেন বাড়ায় বুধবার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৩০ শতাংশ।
পুঁজিবাজার বিশ্লেষক মইন আল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। কিছু কোম্পানির শেয়ারের দাম অপেক্ষাকৃত গ্রহণযোগ্য অবস্থায় আসায় বিনিয়োগকারীরা লেনদেনে উৎসাহিত হচ্ছেন।”
দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমান ছিল ৫২ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে মঙ্গলবার লেনদেনের পরিমান ছিল ৪০ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমান ছিল ১৩ কোটি ৯০ লাখ টাকা। আগেরদিন এই বাজারে ১০ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়।
ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৩৩ ভাগ বেড়ে ১,৬৯৯ দশমিক ০৬ পয়েন্ট হয়েছে।
অন্যদিকে ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে হয়েছে ১৪৫৫ দশমিক ৩৭।
এছাড়া ডিএসই-২০ ব্লু চিপ শেয়ার সূচক ৯ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৭ ভাগ বেড়ে ১৩৫০ দশমিক ২৬ পয়েন্ট হয়।
সিএসইতেও বুধবার সব শেয়ার সূচক ছিল উর্ধ্বগামী।
নাম প্রকাশে অনিচ্ছুক সিএসইর এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনীতিতে স্বস্তি ফিরে আসলে বাজারে চাঙ্গাভাব ফিরে আসবে বলে আমি মনে করি। এখন ধৈর্য ধরার সময়।”
বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ। তাদের মোট লেনদেন হয়েছে ১২ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা। এই কোম্পানির শেয়ারের দাম এদিন ২ দশমিক ০৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৮৪ টাকা।
ব্র্যাক ব্যাংকের শেয়ার দশমিক ৭০ ভাগ বেড়ে ৫৩৪ টাকা ৭৫ পয়সা হয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দাম দশমিক ৭৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৭০ টাকা।
অন্যদিকে ডেসকোর শেয়ারের দাম দশমিক ০৬ শতাংশ কমে হয়েছে ৭২৫ টাকা ৭৫ পয়সা। এছাড়া ইউসিবিএল এর শেয়ারের দাম দশমিক ২৯ শতাংশ কমে এক হাজার ৯৬৮ টাকা ২৫ পয়সা হয়েছে।
ডিএসইতে লাভবানদের তালিকায় শীর্ষে ছিল আইসিবি, বাংলাদেশ লাগেজ এবং তাল্লু স্পিনিং।
ক্ষতিগ্রস্তদের তালিকার প্রথমে ছিল চতুর্থ আইসিবি এমএফ, রোজ হ্যাভেন বল পেন এবং অষ্টম আইসিবি এমএফ।
এদিন ডিএসইতে দাম বেড়েছে ৮০ টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে ৪৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৫ টির কমেছে। ১১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
