২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্বারের বলী খেলায় শিরোপা দিদার বলীর

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় আবারও বিজয়ী হয়েছেন রামুর দিদার বলী। বুধবার এই শিরোপা জয়ের মধ্যদিয়ে তিনি দুইবার যুগ্ম চ্যাম্পিয়নসহ মোট চারবার চ্যাম্পিয়ন হলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 10:51 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

লালদিঘী ময়দানে প্রায় আড়াই হাজার দর্শকের উপস্থিতিতে ৫২ জন বলী কুস্তি লড়তে নেমেছিলেন এদিন। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের পর চূড়ান্ত লড়াইয়ে অংশ নেন দিদার ও খাগড়াছড়ির বলী মর্ম সিং ত্রিপুরা। ঢাকার গুলশান থানার সাব ইন্সপেক্টর মর্ম সিং ছিলেন গতবারের যুগ্ম চ্যাম্পিয়ন।

কিন্তু গতবারের এই যুগ্ম চ্যাম্পিয়ান এবার তেমন একটা সুবিধা করতে পারেননি। কয়েক প্যাঁচের মধ্যে মর্ম সিংকে মাটিতে ফেলে দর্শক মাতান দিদার বলী।

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী এই বলী খেলার ৯৯ তম আসরে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার নানা বয়সের ৫২ জন বলী অংশ নেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মঈনুর রহমান চৌধুরী। চ্যাম্পিয়ন পেয়েছেন হয় দশ হাজার টাকা ও একটি ক্রেস্ট। আর রানার্স আপকে দেওয়া হয় পাঁচ হাজার টাকা ও একটি ক্রেস্ট।

বলী খেলাকে ঘিরে তিনদিনব্যাপী বৈশাখী মেলা শেষ হচ্ছে বৃহষ্পতিবার। চলাচলে নির্বিঘœ রাখার অজুহাতে পুলিশ প্রশাসন রাস্তার উপর দোকানিদের বসতে না দেওয়ায় এবারের মেলায় প্রাণ ছিল না বললেই চলে। লালদিঘির পাড় ও আশেপাশের এলাকায় হাতে গোনা কিছু দোকান বসে।

তাই অন্যান্যবারের জমজমাট মেলা এলাকা এবার ছিল বৈচিত্রহীন, যা চট্টগ্রামবাসীকে টানেনি বললেই চলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিচিত্র জিনিসপত্র নিয়ে দোকানীরা লালদিঘী এলাকায় এলেও প্রশাসনের বাধার কারণে বসতে পারেনি। ফলে অনেক দোকানী ফিরে গেছে।