টিন আত্মসাৎ মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
ত্রাণের টিন আত্মসাৎ মামলায় রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুঠিয়া থানার উপ-পরিদর্শক কাজী ফরিদ উদ্দিন মঙ্গলবার রাতে রাজশাহীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে নাদিম মোস্তফাসহ বিএনপির আট নেতা-কর্মীর বিরুদ্ধে এই অভিযোগপত্র দেন।
পুলিশ জানায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার মধ্য জামিরা গ্রামের এক বিএনপি নেতার বাড়ি থেকে গত ২৫ ফেব্রুয়ারি সাবেক সাংসদ নাদিম মোস্তফার দেওয়া ২২ টি ত্রাণের টিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুঠিয়া থানার দারোগা বিএম লিয়াকত আলী বাদী হয়ে ওইদিনই নাদিম মোস্তফাসহ আটজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দারোগা কাজী ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত শেষে মঙ্গলবার রাতে তাদের সবাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, নাদিম মোস্তফা ছাড়াও অভিযুক্তদের মধ্যে আছেন বিএনপি নেতা মনসুর মাস্টার, রোকনুজ্জামান রোকন, সেলিনা হোসেন, বড় আলম, যুবদল নেতা রাকিব ও আবদুর রহমান। এদের মধ্যে রোকনুজ্জামান ও সেলিনা হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে আছেন।
এর আগে গত সোমবার রাতে জঙ্গি কর্মকাণ্ডে মদদ দানের অভিযোগে বাগমারা ও প্রতারণার অভিযোগে পুঠিয়া থানায় নাদিম মোস্তফার বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
