২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুষ্টিয়ার সাবেক সাংসদ শহীদুল ও রুমীর বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় দুই সাবেক সাংসদ অধ্যাপক শহীদুল ইসলাম ও সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ বিএনপি’র ১২ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিগত জোট সরকারের আমলে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগে এ মামলা করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

দৈনিক খবর পত্রিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিনিধি শামীম বিন সাত্তার বাদী হয়ে বুধবার বিকেলে কুষ্টিয়া সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক খন্দকার সাজেদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ, বিএনপি নেতা মহসীন আলী, সৈয়দ নুরুল ইসলাম চাঁদ, মিজানুর রহমান ডিউক, আল আমিন রানা কানাই, গোলাম হাফিজ পিপুল, সিরাজুল ইসলাম রিন্টু, আতিয়ার রহমান ও আব্দুর রাজ্জাক বাচ্চু।

মামলার বিবরণে বলা হয়, কুষ্টিয়া-২ আসনের সাবেক সাংসদ শহীদুল ইসলাম গত বছরের ১০ মে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের কুষ্টিয়া প্রতিনিধির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এর প্রতিবাদে ২০০৬ সালের ২৯ মে সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে সাংবাদিক নির্যাতনবিরোধী এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে শহীদুল ইসলাম ও মেহেদী আহমেদ রুমীর নির্দেশে আসামিরা সমাবেশে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ঢাকা থেকে আসা ইকবাল সোবহান চৌধুরীসহ ২৫ জন সাংবাদিক আহত হন।

মামলার বিবরণে আরও বলা হয়, তখন এ ব্যাপারে মামলা করতে গেলে থানা পুলিশ মামলাটি নেয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।