খুলনার পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু বৃহস্পতিবার
খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে সাময়িক বন্ধ ঘোষিত চারটিসহ মোট আটটি রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিক-কর্মচারীদের বকেয়া বাবদ প্রায় ২০ কোটি টাকা পরিশোধ শুরু হবে বৃহস্পতিবার।
এর মধ্যে বন্ধ ঘোষিত প্লাটিনাম, পিপলস, ক্রিসেন্ট ও স্টার পাটকলের শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি, বেতন ও উৎসব বোনাস বাবদ ১৪ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করা হবে। বাকি টাকা দেওয়া হবে আলীম, ইস্টার্ণ, যশোর জুট ইন্ডাস্ট্রিজ এবং কার্পেটিং জুট মিল শ্রমিক-কর্মচারীদের।
এই আটটি পাটকল শ্রমিকদের মোট বকেয়ার পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা।
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক সমন্বয়কারী শেখ শামীম আহমদ জানান, পাটকল শ্রমিক কর্মচারীদের পাওনা ১৯ কোটি ৭৫ লাখ টাকা বৃহস্পতিবার দুপুর থেকে পরিশোধ করা হবে। এজন্য আটটি মিলের বিল ভাউচার তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বলেন, “শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কেএমপি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। টাকা নিতে এসে কোনো শ্রমিক যাতে হয়রানির শিকার না হন সেদিকেও লক্ষ্য রাখা হবে।”
গত ১৭ এপ্রিল থেকে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের চারটি পাটকল শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আন্দোলন শুরু করেন। পাঁচদিন ধরে চলা এ আন্দোলনের সময় শ্রমিক পুলিশ দফায় দফায় সংঘর্ষ হয়।
২০ এপ্রিল চারটি পাটকল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় সাড়ে সাত হাজার শ্রমিককে আসামী করে মামলা করে পুলিশ।
