আদালতে জেরার রির্হাসেল করলেন দুর্নীতি দমন কমিশন কর্মকর্তারা
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় আদালতে আইনজীবীদের জেরার জবাব কীভাবে দিতে হবে তার পূর্ব প্রস্তুতি হিসেবে বুধবার সকালে কমিশনে ‘ডামি আদালত’ বসিয়ে রির্হাসেল করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।
কমিশনের একজন আইন কর্মকর্তা জানান, সকালে কমিশনের হল রুমে ডামি আদালতে বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আসামী পক্ষের আইনজীবীদের সম্ভাব্য বিভিন্ন জেরার জবাব দেন দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার বাদিরা।
একজন বাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানতে পেরেছি আসামীদের পক্ষে বড়-বড় আইনজীবী আদালতে দাঁড়াবেন। তাদের জেরার জবাব আমরা যাতে সঠিকভাবে দিতে পারি সেই জন্য এই ধরনের প্রস্তুতি।”
এদিকে কমিশনার হাবিবুর রহমান বিকেলে সাংবাদিকদের বলেন, “বৃহস্পতিবার কমিশনের সভায় সম্ভাব্য তিনটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমতি দেওয়া হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “শেখ হাসিনার মামলার বিষয়ে আমাদের কনফিউশন রয়েছে। কেননা যে ধারায় মামলা দায়ের করা হয়েছে তা আমাদের এখতিয়ারে পড়ে কি না সেটা আগে দেখতে হবে।”
গত ১৮ ফেব্রুয়ারি কমিশন সন্দেহভাজন ৫০ জন দুর্নীতিবাজের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ জারি করে। ওই সময়ের মধ্যে সম্পত্তির হিসেব দিতে এসে কমিশন থেকে অনেকেই আটক হন।
আটককৃতদের মধ্যে থেকে গত ৬ মার্চ আওয়ামী লীগ নেতা মহীউদ্দিন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন এবং আমানউল্লাহ আমানসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে মামলা দায়ের করে কমিশন।
আগামী দু’একদিনের মধ্যে উল্লিখিতদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার কথা।
