২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আটক পাসপোর্ট কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী

সুনির্দ্দিষ্ট কোন অভিযোগ না থাকায় ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি আটজনকে জরুরি ক্ষমতাবিধি আইন-২০০৭ এর ১৬ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

এদিকে একদিন বন্ধ থাকার পর বুধবার ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস খুললেও কাজের স্বাভাবিক গতি দেখা যায়নি।

সোমবার রাতে জাল পাস পোর্ট তৈরি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যৌথবাহিনী ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সহকারী পরিচালক শাহ মো. ওয়ালী উল্লাহসহ চার কর্মকর্তা ও কর্মচারি এবং পাঁচ দালালকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন পাসপোর্ট অফিসের সুপার মো. মতিউর রহমান, মো. জসীমউদ্দিন ও শহীদুল ইসলাম এবং পাঁচ দালাল আবুল হোসেন, সোহাগ সাহা, বিপ্লব কুণ্ডু, গোপাল সাহা ও উজ্জ্বল। সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় সহকারী পরিচালক শাহ মো. ওয়ালী উল্লাহকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

বাকিদের বুধবার ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. আবদুর রশীদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ফরিদপুর কোতয়ালি থানার উপ পরিদর্শক জেহাদ জানান, আদালতে তাদের হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে রিমান্ডের শুনানির তারিখ পড়েনি।

ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাহ মো. ওয়ালী উল্লাহ জানান, তিনজন কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে অফিসে লোকবল মাত্র ৬ জন।

এজন্য শুধুমাত্র ইস্যুকৃত পাসপোর্ট প্রদান, জরুরি পাসপোর্ট প্রদান এবং পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।