২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ ও ভারত

সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া দেবে না বাংলাদেশ ও ভারত। চট্টগ্রামে সোমবার থেকে শুরু হওয়া বিডিআর ও বিএসএফ এর তিনদিনব্যাপী বৈঠকের শেষদিনে বুধবার এ বিষয়ে সমঝোতা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 06:32 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বৈঠকে বাংলাদেশের ১১ সদস্যের দলের নেতৃত্ব দেন বিডিআরের উপ-মহাপরিচালক এস এম গোলাম রব্বানী। অন্যদিকে, ভারতীয় ১৫ সদস্যের দলের নেতৃত্বে ছিলেন আসাম ও মেঘালয় প্রদেশের বিএসএফের মহাপরিদর্শক পি কে মিশ্র।

চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে আয়োজিত ‘বর্ডার কো-অর্ডিনেশন কনফারেন্স’ শীর্ষক বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ, সীমান্তে জমি দখল বন্ধসহ কাঁটাতারের বেড়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ভারতের নয়াদিল্লীতে বিডিআর ও বিএসএফ এর উপ-পরিচালক পর্যায়ে একই ধরনের একটি বৈঠক হয়েছিল।

ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে বিডিআরের প্রতিনিধি ভারতের কাছে ১৭০ জন সন্ত্রাসীর তালিকা হস্তান্তর করেন। যারা বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। অন্যদিকে ভারতও ১৭৬ জনের তালিকা হস্তান্তর করে।