ইয়েলৎসিনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। বুধবার আলাদা আলাদা বার্তায় শোক প্রকাশ করেন তারা।
রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেন, ইয়েলৎসিন ছিলেন রাশিয়ার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট যিনি দেশটিতে সংস্কারের পদক্ষেপ নেন।
অন্রদিকে ইয়েলৎসিনকে বড় মাপের একজন বিশ্বনেতা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেন, “রাশিয়ার বরেণ্য এই প্রেসিডেন্ট বিশ্ব ইতিহাসের এক সঙ্কটজনক মুহূর্তে নেতৃত্ব দিয়েছেন।”
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা তাদের শোক বার্তায় ইয়েলৎসিনের আত্মার শান্তি কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
