২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টার খবরে রাবিতে মিছিল, আটক ৬

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টার খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে মিছিল করার ঘটনায় মঙ্গলবার গভীর রাতে যৌথবাহিনী ছয়জনকে আটক করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 01:49 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শহীদ হবিবুর রহমান, মাদার বখ্শ ও জিয়াউর রহমান হলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এদেরকে আটক করে।

পুলিশ জানায়, মাদার বখ্শ হল থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মাসুদুর রহমান ওরফে মাসুদ, হবিবুর রহমান হল থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্র এসএম ফেরদৌস আলম, ইংরেজি বিভাগের ছাত্র তপন বিশ্বাস, আরবি বিভাগের ছাত্র ও শিবির কর্মী এমরান আলী, ব্যাবস্থাপনা বিভাগের ছাত্র সুবল চন্দ্র ঘোষ ও জুয়েল রানাকে আটক করা হয়।

আটক জুয়েল রানা হবিবুর রহমান হলের এক আবাসিক ছাত্রের অতিথি। তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে বলে মতিহার থানা পুলিশ জানিয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী মাদার বখ্শ হলে মিছিল করে। পরে তারা মিছিল নিয়ে মাদার বখ্শ হল থেকে বের হয়ে শহীদ জিয়া হল পেরিয়ে হবিবুর রহমান হলের কাছে পৌঁছানোর পর ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনার পর পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এনামুল হক ঘটনাস্থলে যান। এসময় তিনি সাংবাদিকদের জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কিছুই দেখতে পাননি। কারা করেছে তাও তিনি জানেন না।

পুলিশ জানায়, বুধবার দুপুর পর্যন্ত মতিহার থানায় আটককৃতদের সোপর্দ করা হয়নি। তাদের র‌্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেলে থানায় সোপর্দ করা হবে বলে ওসি জানান।