হবিগঞ্জে পৌর চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর চেয়ারম্যানসহ নয়জনকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে সমবায় কার্যালয়ের চার কোটি টাকার জায়গা দখলের অভিযোগে দায়ের করা একটি মামলায় শায়েস্তাগঞ্জ পৌর চেয়ারম্যান ফরিদ আহমেদ অলিসহ অন্যরা হাজির হয়ে জামিন চাইলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকীর হোসেন তা নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২০ জানুয়ারি শায়েস্তাগঞ্জ পৌর চেয়ারম্যান ফরিদ আহমেদ অলি, কমিশনার সাইদুর রহমান, কমিশনার আব্দুল আহাদ, পৌর সভার সচিব ফারুক আহমেদ, স্থানীয় আছকির মিয়া, শাহেদ আলী, জুনেদ মিয়া, সৈয়দ জুয়েল ও জিয়া উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
মামলার বাদী শায়েস্তাগঞ্জের লাদিয়া গ্রামের রমিজ উদ্দিন। এরপর থেকেই তারা পলাতক ছিলেন।
হাইকোর্ট আসামীদের হবিগঞ্জের এডিএম আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
