২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিল হতে পারে নিজস্ব আয়ে চলতে না পারা পৌরসভা

নিজস্ব আয়ে যেসব পৌরসভা চলতে পারছে না সেগুলো বাতিল করে দেওয়ার কথা ভাবছে সরকার। এ ধরনের পৌরসভাগুলোকে বিভিন্ন খাত সৃষ্টি করে দ্রুত আয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে পৌরসভাগুলো বাতিল করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

স্থানীয় সরকার বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ ব্যাপারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল মঙ্গলবার সচিবালয়ে তার দপ্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন পৌরসভাগুলো আর্থিক সংকটে আছে। সরকারি অনুদানে চালাতে হলে এসব পৌরসভা রাখার দরকার কী, বরং না রাখাই বাঞ্ছনীয়।”

উপদেষ্টা আরো বলেন, “যেসব পৌরসভা আর্থিক সংকটে ভুগছে, আমরা তাদেরকে আয় বাড়ানোর পরামর্শ দিয়েছি। হাট বাজারসহ নতুন নতুন উৎস খোঁজারও তাগিদ দেওয়া হয়েছে।”

আনোয়ারুল ইকবাল জানান, “পৌরসভার সুযোগ সুবিধা নেই, অথচ জনগণ পৌরকর দিচ্ছে। পৌরসভা থেকে মুক্তি চেয়ে দরখাস্ত মন্ত্রণালয়ে জমা হচ্ছে। এমন পৌরসভা রাখার দরকার আছে কি না সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সারাদেশে এখন ৩০৯টি পৌরসভা আছে। এরমধ্যে বিগত জোট সরকারের সময় করা ৬০টি পৌরসভার বেশিরভাগেরই রয়েছে আর্থ সংকট। রাজনৈতিক বিবেচনায় এসব পৌরসভা করা হয়েছিল বলে অভিযোগ আছে।