চট্টগ্রামে ফিলিং স্টেশন ধসে তিনজন নিহত
নগরীর কালুরঘাট এলাকায় নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের স্থাপনা ধসে পড়ে মঙ্গলবার দুপুরে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কালুরঘাট সিএন্ডবি রাস্তার মাথায় নির্মাণাধীন আনোয়ার ফিলিং স্টেশনের একটি বেলা আড়াইটার দিকে আকস্মিকভাবে ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলে তিনজন শ্রমিক নিহত এবং আরো পাঁচজন আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা রতন সিংহ জানান, গুরুতর আহত অবস্থায় দুইজন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নির্মাণ শ্রমিকদের একজন হলেন মহররম আলী। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের সবার বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা হলেন আলমগীর হোসেন (৩২) ও ইয়াসিন আলী (২৪)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাখফুবার রহমান সুইট জানান, ঘটনার পরপরই পুলিশ জনগণের সহায়তায় কালুরঘাট এলাকা থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ক্রেন এনে উদ্ধার কাজ শুরু করে। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে উদ্ধার কাজে যোগ দেয়। ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। তবে এর নিচে আর কেউ চাপা পড়ে থাকার সম্ভাবনা খুবই কম।
ওসি জানান, দুর্বল নির্মাণ সামগ্রী ব্যবহার ও নির্মাণকাজের ত্রুটি জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নির্মাণ কাজে অবহেলার কারণে মামলা দায়ের করা হবে।
তিনি জানান, ঘটনার পর পরই মালিকপক্ষের লোকজন ফিলিং স্টেশন ছেড়ে চলে গেছে। যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যাচ্ছে না।
ঘটনাস্থলে দমকল বাহিনী ছাড়াও যৌথবাহিনীর সদস্যরা রয়েছেন।
