২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ছটি মামলায় আসামি তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে মঙ্গলবার আরও একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর পর এখন পর্যন্ত চারটি চাঁদাবাজি মামলায় তারেক রহমানকে আসামি করা হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 12:18 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

এছাড়া রাজধানীর কেরানিগঞ্জ (দক্ষিণ) থানায় তারেককে আসামী করে এক গরু ব্যবসায়ীর দায়ের করা অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। তার বিরুদ্ধে জরুরি ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলাও এখন বিচারাধীন।

বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের স্বীকারোক্তির ভিত্তিতে গুলশান থানা পুলিশ মঙ্গলবার মহানগর হাকিম আদালতে তারেক রহমানকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

গত ২৭ মার্চ রেজা কনস্ট্রাকশনের মালিক খান মো. আফতাব উদ্দিন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে আসামি করে গুলশান থানায় এক কোটি ৩২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

সম্প্রতি ওই মামলায় মামুন মহানগর হাকিম আব্দুল ফাত্তাহর খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে মামুন স্বীকার করেন, চাঁদার একটি বড় অংশ তিনি তারেক রহমানকে দিয়েছেন।

এর ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) ইমতিয়াজ মঙ্গলবার মহানগর হাকিম সেলিনা আক্তারের আদালতে তারেক রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।

এদিকে, কেরানিগঞ্জ থানার উপ পরিদর্শক নিজাম উদ্দিন আহমেদ জানান, এক গরু ব্যবসায়ীর দায়ের করা অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এবং ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে শুক্রবার অভিযোগটি দায়ের করেছিলেন সিরাজগঞ্জের ব্যবসায়ী আদম আলী।

তদন্ত কর্মকর্তা জানান, মামলায় এক নম্বর আসামী করা হয়েছে তারেক রহমানকে, দুই নম্বর গিয়াস উদ্দিন আল মামুনকে এবং এরপর রয়েছেন কোকো-৩ লঞ্চের সেসময়ের সারেং।

আদম আলী অভিযোগে জানান, ২০০৩ সালে কুরবানির ঈদের আগে শাহজাদপুর থেকে একটি ট্রলারে করে ৪৪টি গরু বিক্রির জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা নিয়ে যাচ্ছিলেন তিনি। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বুড়িগঙ্গা নদীতে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন মালিকানাধীন রহমান নেভিগেশন কোম্পানির কোকো-৩ যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। তখন ট্রলারের লোকজন প্রাণে বেঁচে গেলেও ৩১টি গরুর সন্ধান পাওয়া যায়নি।

পরে পুলিশ আটটি মৃত গরু উদ্ধার করে। ওই সময় ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আদম আলীর দাবি, ওই ঘটনায় তার আট লাখ টাকা ক্ষতি হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর কোকো-৩ লঞ্চের মালিকপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন তিনি। গিয়াসউদ্দিন আল মামুন ঘটনা শোনার পর কোনও ক্ষতিপূরণ না দিয়েই তাকে ফিরিয়ে দেন।

পরে মামুনের কাছে আবারও ক্ষতিপূরণ চাইতে গেলে আদম আলীকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, লঞ্চের মালিক পক্ষ প্রভাবশালী হওয়ায় এতদিন মামলা করতে সাহস পাননি তিনি।

এর আগে ধানমন্ডি থানায় মীর জাহির হোসেনের দায়ের করা ৫৩ লাখ টাকা চাঁদাবাজির মামলায় সোমবার গ্রেপ্তার দেখানো হয় তারেক রহমানকে। এরপর মার্শাল ডিস্টিলারিজের মালিক হারুণ ফেরদৌসীর গুলশান থানায় দায়ের করা আরো একটি চাঁদাবজির মামলায় তাকে আসামি করা হয়।

জরুরি ক্ষমতা আইনে গত ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পরদিনই গুলশান থানায় তারেক রহমানের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ এনে ঠিকাদার আমিন আহমেদ ভুইয়া দ্রুত বিচার আইনে মামলা করেন। হাইকোর্টের নির্দেশে এই মামলার কার্যক্রম এখন স্থগিত আছে।