২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর এখনও উত্তাল, ৩ নম্বর সংকেত বহাল

সাগর এখনও মাঝারী ধরনের উত্তাল। তাই সমুদ্র বন্দর ও নৌ বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের সোমবার দেওয়া সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্যের কারণে চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কালবৈশাখীর আশঙ্কায় যশোর, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট এলাকার নৌ বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখানোর জন্য বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্যের কারণে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। সাগর মাঝারী ধরনের উত্তাল। যে কোন মুহূর্তে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “সাগরে পরিস্থিতির উন্নতি হয়নি। আরও কিছুটা সময় এ অবস্থা থাকতে পারে। তাই সমুদ্র ও নৌ বন্দরগুলোর জন্য পূর্বের সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু থেকে মাঝারী ধরনের কালবৈশাখী বয়ে যেতে পারে এবং বৃষ্টি হতে পারে। বুধবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।