২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৩০০ কোটি টাকার পণ্য নিলামে

চট্টগ্রাম বন্দরে বাজেয়াপ্ত করা প্রায় তিনশ কোটি টাকা মূল্যের পণ্য নিলামে উঠছে। দীর্ঘদিন থেকে বন্দরে পড়ে থাকা এসব পণ্য খালাস না করায় কাস্টমস কর্তৃপক্ষ তা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 03:30 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বুধবার এ নিলাম অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ ইতিমধ্যে এ নিলামের প্রস্তুতি সম্পন্ন করেছে।

নিলামে দেওয়া পণ্যের মধ্যে রয়েছে-বিভিন্ন ব্রান্ড ও মডেলের নতুন ও পুরাতন গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, ফেব্রিক্স, সুতা, তৈরি পোশাকের বিভিন্ন উপকরণ, তুলা, কেমিকেলস, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কাগজ, হার্ডওয়ার সামগ্রী, মার্বেল ও সিরামিক সামগ্রী এবং বিভিন্ন যন্ত্রপাতি।

কাস্টমস কমিশনার মো. ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিলামের পণ্যের মধ্যে ১২৭টি গাড়ি রয়েছে। এসব গাড়ির মূল্য মডেল ভেদে পাঁচ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। তিনি আরও জানান, এবারে নিলাম দেওয়া বিভিন্ন ব্রান্ড ও মডেলের গাড়ির মধ্যে রয়েছে জিপ, কার, মাইক্রোবাস, পিকআপ ও প্রাইম মুভারসহ নানান ধরনের গাড়ি।

সবগুলো পণ্য মিলে ৩০০ কোটি টাকা হবে।

বন্দরে পরিত্যক্ত পণ্য নিলামের মাধ্যমে সরকারের বাৎসরিক রাজস্ব আয়ের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, “এটা খুবই যৎসামান্য। চট্টগ্রাম কাস্টমস হাউজের মোট রাজস্ব আয়ের এক শতাংশও নয়।”

মো. ফরিদ উদ্দিন বলেন, “মূলত বন্দরকে খালি করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে খালাস না করা পণ্যসামগ্রী বাজেয়াপ্ত করে নিলামে দেওয়া হচ্ছে।”

বন্দরকে যাতে ব্যবসায়ীরা পণ্য গুদাম হিসেবে ব্যবহার করতে না পারে এবং পণ্য জট কমাতে নিয়মিত নিলাম ডাকা হচ্ছে বলে জানান তিনি।