বিচারপতি ফয়জীর রিটের শুনানি বুধবার
সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর সনদ বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে বুধবার।
মঙ্গলবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিচারপতি ফয়জীর কৌসুলী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এই দিন নির্ধারণ করা হয়।
আদালত আদেশে বলেন, চূড়ান্ত শুনানির জন্য রিটটি বুধবার থেকে হাইকোর্টের দৈনিক কার্যতালিকায় অন্তর্ভূক্ত হবে।
বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর ফলাফল জালিয়াতির বিষয়টি প্রমাণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩ মার্চ সিন্ডিকেটের এক সভায় তার সনদ বাতিল করে। ১০ মার্চ সনদ বাতিলের বিষয়টি গেজেট আকারে প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর ফয়জী বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা দায়ের করেন। গত ১৯ মার্চ হাইকোর্ট সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেয় এবং ওই সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য হাইকোর্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, উপাচার্যসহ আট জনের প্রতি রুলনিশি জারি করে।
