জঙ্গিবাদে মদদ: সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল, দুলু ও সাংসদ নাদিম অভিযুক্ত
জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ এনে দায়ের করা দুটি মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ৫৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
সোমবার রাজশাহীর বাগমারা থানার এস আই সাকিল ও এস আই মোক্তার হোসেন তদন্ত শেষে রাজশাহীর প্রথম শ্রেণীর আমলী আদালতে পৃথক ভাবে অভিযোগনামা দাখিল করেন। জঙ্গিবাদে মদদ দেওয়ার কোনো মামলার এই প্রথম অভিযোগপত্র দাখিল করা হল।
পুলিশ জানায়, গত ১ এপ্রিল বাগমারার পলাশী গ্রামের আইয়ুব আলি প্রামানিক বাদী হয়ে বাগমারা থানায় ২ জন সাবেক মন্ত্রী ও ১ জন এমপি সহ ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এজাহারে বাদি আইয়ুব আলি প্রামানিক দাবি করেন, জঙ্গিদের বিরোধিতা করায় ২০০৪ সালের ৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠান থেকে জলিল আমিন ও কিলার মোস্তাকসহ ২৭ জন তাকে ঘিরে ফেলে। এ সময় তাদের হাতে ছিল হকিস্টিক, লোহার রড, হাসুয়া ও লাঠি।
তদন্ত কর্মকর্তা এসআই সাকিল জানান, মামলার বাদির কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসামীরা। বাদীর অভিযোগ, জলিল আমিন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফার নাম উল্লেখ করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে মোবাইল ফোনে সাবেক ওই ৩ মন্ত্রী-এমপির সঙ্গে জলিল আমিন কথা বলেন এবং জানান নেতারা নির্দেশ দিয়েছে তাকে (বাদি) বাংলাভাইয়ের ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর করে চাঁদার টাকা আদায় করতে। বাদীর দাবি, পরে ১১ এপ্রিল বাংলাভাইয়ের ঘনিষ্ঠ সহযোগি মামুন মুহুরির হাতে সে ৮০ হাজার টাকা চাঁদা দেয়। বাগমারা থানার দায়ের করা এই মামলার তদন্ত করেন এসআই সাকিল।
এর আগে জঙ্গি মদদ দেওয়ার অভিযোগে ৩০ মার্চ সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, তার ঘনিষ্ঠ সহযোগি রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীশ মোহাম্মদসহ ২৮ জনের বিরুদ্ধে বাগমারা থানায় আরো একটি মামলা হয়। ২০০৪ সালের এপ্রিলে বাংলাভাই বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতিত বাগমারার দীপপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের কৃষক ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা এসআই মোক্তার হোসেন জানান, মামলার বাদী হাসিনপুর গ্রামের ফজলু দাবি করেন তিনি বাংলাভাই বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হন ২০০৪ সালের ২০ এপ্রিল। ওই সময় বাংলাভাইয়ের ক্যাডাররা তার কাছে ২ লাখ টাকা চাঁদা চেয়েছিল। টাকা দিতে না পারায় বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বাংলাভাইয়ের টর্চার সেল হিসেবে পরিচিত হামিরকুৎসার রমজান আলি কায়ার বাড়িতে। ওই টর্চার সেলে হকিস্টিক, লাঠি দিয়ে তাকে নির্মমভাবে পেটানো হয়। বাদির অভিযোগ, নির্যাতনের শিকার অনেকেই এখন পঙ্গু জীবন যাপন করছেন।
