২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্যুটারের গলিত লাশ উদ্ধার

চট্টগ্রামে মো. আসাদ (৩৩) নামের এক শ্যুটারের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরীর খুলশী এলাকায় আসাদের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 10:13 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটার ক্লাবের সদস্য আসাদের বাড়ি রাজশাহীতে। তিনি নগরীর খুলশী আবাসিক এলাকার তিন নম্বর রোডের একটি বাড়ির চারতলায় ভাড়া থাকতেন। শ্যুটিংয়ের পাশাপাশি তিনি ব্যবসাও করতেন।

আগামী মাসে অনুষ্ঠেয় জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় আসাদের অংশ নেওয়ার কথা ছিল।

খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই আশিকুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সোমবার বিকেলে ওই বাসার দরজা ভেঙে আসাদের লাশ উদ্ধার করে।

মরদেহে পচন ধরায় পুলিশ ধারণা করছে তিন চারদিন আগে তার মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে পুলিশ।

আশিকুর রহমান জানান, এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।