২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কভিটা দুধের দাম বাড়ল

মিল্কভিটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য দুধের দাম বাড়ানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 10:37 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

প্রতি লিটার মিল্কভিটা তরল দুধের দাম ৩২ টাকা থেকে ২ টাকা ৪০ পয়সা বাড়ানো হয়েছে। এছাড়া গুঁড়ো দুধের দাম কেজি প্রতি ২৫ টাকা বাড়িয়ে ৩৩৮ টাকা করা হয়েছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুরে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান মিল্কভিটা পরিদর্শনকালে এই সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা বলেন, “অন্যান্য পণ্যের দাম বাড়ার বিষয়টি বিবেচনায় রেখেই মিল্কভিটার দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে মিল্কভিটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

তিনি আরো বলেন, প্রতি মাসে ৫০ থেকে ৫৫ লাখ টাকা লোকসান দিতে দিতে মিল্কভিটা লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল থাকায় ইতোমধ্যে ২৮৭ জন কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। এতে লোকসানের পরিমান প্রায় ৩০ লাখ টাকায় নামিয়ে আনা গেছে। মিল্কভিটাকে লোকসানের হাত থেকে বাঁচাতে এবং দুর্নীতি প্রমাণিত হলে আরো কর্মচারী ছাটাই করা হবে।

আনোয়ারুল ইকবাল বলেন, বিগত সরকারের আমলে প্রায় ৫০ কোটি টাকা ব্যায়ে অপরিকল্পিতভাবে স্থাপিত কনডেন্সড মিল্ক প্ল্যান্টটি উদ্বোধনের পরপরই মুখ থুবড়ে পড়ে। বারবার চেষ্টা করেও প্রকল্পটি উৎপাদনে যেতে পারেনি।

তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে কনডেন্সড মিল্ক প্ল্যান্টটি পরীক্ষামূলকভাবে আবারো চালু করা যাবে বলে আশা করা হচ্ছে।

মৎস্য ও পশু সম্পদ উপদেষ্ট সি এস করিম, সমবায় সচিব মো. নজরুল ইসলাম, মৎস্য ও পশু সম্পদ সচিব মো. আতাউর রহমান, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক এএমএম সোলেয়মান চৌধুরী, মৎস ও পশুসম্পদ পরিচালক ( প্রশাসন) ডা. আব্দুল মোতালেব, মিল্কভিটার মহাব্যবস্থাপক এম এ বারিকসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা এসময় উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে ছিলেন।