দুর্নীতি দমনে বাংলাদেশকে সহাযোগিতা দিতে চায় ভারত
দুর্নীতি বিরোধী অভিযানে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা করতে চায় ভারত।
সোমবার দুপুরে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী।
তিনি বলেন, “বাংলাদেশ চাইলে ভারতের সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন দুর্নীতি দমনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে।”
বিকেলে একই কথা জানান কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ।
তিনি বলেন, “এটা সৌজন্য সাক্ষাৎ হলেও ভারত দুর্নীতি দমনের ক্ষেত্রে কীভাবে কাজ করে তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। হাই কমিশনার এ বিষয়ে আমাদের সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন।”
কমিশন ভারতের কাছে সহযোগিতা চাইবে কিনা সাংবাদিকরা তা জানতে চাইলে হাসান মশহুদ বলেন, “প্রয়োজন হলে চাইব। আমরা এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি।”
যাদের নামে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) কবে দেওয়া হবে জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান বলেন, “কয়েকদিনের মধ্যেই চার্জশিট দেওয়া হবে।”
এদিকে হাসান মশহুদ সোমবার সকালে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধানের সঙ্গে এনএসআইয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে হাসান মশহুদ বলেন, “তিনি আমাদের প্রতিবেশী। তাই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তবে কোনও বিষয়ে আমাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় তা নিয়েও কথা বলেছি।”
