দুর্নীতি দমন কমিশনে নিয়োগ পাচ্ছেন আরও এক কমিশনার
দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে গতি আনতে সেখানে আরও একজন কমিশনার নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর হাতে আসা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো কমিশনের সর্বশেষ প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোতে (অর্গানোগ্রাম) এ ব্যাপারে সুপারিশ করতে দেখা গেছে।
দুর্নীতি দমন কমিশনে এখন চেয়ারম্যান ছাড়া দুজন কমিশনার থাকার বিধান আছে।
কমিশনের শীর্ষ এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোয় একজন নতুন কমিশনার নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
কমিশনের কাজের ধীরগতির কথা স্বীকার করে তিনি বলেন, “জনবলের অভাবেই অনেক পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। একই কারণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করতেও সময় লাগছে।”
নতুন একজন কমিশনার নিয়োগের উদ্যোগের কথা স্বীকার করে কমিশনার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ব্যাপারে প্রাথমিক আলাপ-আলোচনা হচ্ছে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।”
নতুন আরেকজন কমিশনার নিয়োগ করতে হলে কমিশনের বর্তমান আইন সংশোধনের করতে হবে। এখনকার আইন অনুযায়ী তিন কমিশনারকে নিয়ে কমিশন গঠন করার কথা বলা হয়েছে। যাদের মধ্য থেকে একজন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
