২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিবিদদের আশঙ্কা: মুদ্রাস্ফীতি আরো বাড়তে পারে

মজুতদারি বন্ধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে মুদ্রাস্ফীতি আরো বাড়তে পারে। এতে গরিব মানুষকেই সবচে বেশি ভুগতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 10:25 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত ‘সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ: স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি’ শীর্ষক এক প্রাক-বাজেট আলোচনা সভায় দেশের শীর্ষ অর্থনীতিবিদরা এ অভিমত জানান।

বিআইডিএস-এর মহাপরিচালক কাজী শাহবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রবৃদ্ধির হার কমে যেতে পারে। এর আগে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা করা হলেও শেষ পর্যন্ত তা ৬ শতাংশের নিচে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা, অর্থনীতিবিদ আকবর আলি খান বলেন, খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ইতোমধ্যে ভোগান্তির মধ্যে পড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে তাদের ভোগান্তি আরো বাড়বে।

তিনি বলেন, “ তেলের দাম বাড়ানোর জন্য সময়টা সঠিক ছিল না। মুদ্রাস্ফীতি যখন ৭ শতাংশের বেশি, তখন তেলের দাম বাড়ানো হলো।”

বিআইডিএস এর মূল প্রবন্ধে বলা হয়, পণ্য সরবরাহের ঘাটতিই মুদ্রাস্ফীতি পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। প্রবন্ধে মজুতদারি বন্ধে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে ‘সঠিক উপায় নয়’ বলে উল্লেখ করা হয় এবং এ ব্যাপারে সুর্নিদিষ্ট প্রাতিষ্ঠানিক পন্থায় এগুনোর পরামর্শ দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতিউর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বিশেষ করে খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে চলতি বছর সাধারণ মানুষ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, সরবরাহ সঙ্কটের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে।

মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সরকার এই পরিস্থিতির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতেই সরকার বিভিন্ন অভিযান চালিয়েছে।

আকবর আলি খান প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সরকারের দেওয়া তথ্যের ব্যাপারে প্রশ্ন তুলে বলেন, “কৃষিখাতে উৎপাদন এ বছর মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাছাড়া সেবাখাতের মানও পড়তির দিকে। ফলে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন এবছর কোনোভাবেই সম্ভব না।”

তিনি বলেন, “তারপরও যদি এবছর প্রবৃদ্ধির হার ছয় শতাংশ অতিক্রম করে তাহলে বলতে হবে হরতাল ধর্মঘটে দেশের অর্থনীতির কোনো ক্ষতিই হয়নি।”

সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, প্রবৃদ্ধির হার বাড়ানোর জন্য বিনিয়োগ প্রয়োজন। কিন্তু সরকার এ ব্যাপারে কিছু বলছে না।

আতিউর রহমান বলেন, দেশের সেবাখাত একেবারেই ঝিমিয়ে পড়েছে। কৃষিখাতও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অবস্থায় সরকার ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে কথা বলছে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।