চট্টগ্রামে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই
নগরীর ডিসি হিল এলাকায় রোববার দুপুরে অস্ত্রের মুখে শাহাবুদ্দিন রুবেল নামে এক ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই হয়েছে।
খাতুনগঞ্জ ব্যাংক এশিয়া থেকে টাকা তুলে একটি সিএনজি অটোরিকশা করে যাওয়ার পথে ডিসি হিলের কাছে ছিনতাইকারীরা অপর একটি সিএনজি অটোরিকশা নিয়ে তার পথ রোধ করে। অস্ত্রের মুখে তারা রুবেলের কাছ থেকে টাকার ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী) আবু বকর সিদ্দিক জানান, তারা এ ধরনের একটি ছিনতাইয়ের ঘটনা শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও লিখিত অভিযোগ পাননি।
সন্ধ্যায় থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা এস আই পারভীন আকতার জানান, এ পর্যন্ত ছিনতাই ঘটনায় কোনো মামলা হয়নি।
