মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের অধিকতর শুনানি ৩০ এপ্রিল
নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য অধিকতর শুনানির তারিখ ৩০ এপ্রিল ধার্য করা হয়েছে।
একই অভিযোগে হারিছ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ২৪ এপ্রিল ধার্য করা হয়েছে।
রোববার দুপুরে ঢাকার মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ মো. মমিন উল্লাহর আদালতে মামুনকে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। মামুনের পক্ষে ব্যারিস্টার ফকরুল ইসলাম মামুনকে এ মামলা থেকে অব্যাহতির দেওয়ার জন্য ফৌজদারি কার্যবিধির ২৪১ (ক) ধারায় দরখাস্ত দেন।
শুনানিতে ফকরুল ইসলাম বলেন, ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন মামুনকে ৭২ ঘণ্টার মধ্যে সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেয়। অথচ কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে তখন কেউ ছিলেন না। তাদের অনুমতি ছাড়া সচিব কাউকে নোটিশ দিলে তা হবে বেআইনি।
এ সময় আদালত কমিশনের আইনজীবী এএফএম গোলাম ফাত্তাহর কাছে জানতে চান সচিব যখন মামুনকে নোটিশ দেন তখন কমিশনে কমিশনার ও চেয়ারম্যান হিসাবে কারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তারা সচিবকে নোটিশ দেওয়ার অনুমতি দিয়েছিলেন কিনা তাও জানতে চান তিনি।
কমিশনের আইনজীবী এ ব্যাপারে অনুমতিপত্র দেখানোর জন্য সময় চাইলে আদালত ৩০ এপ্রিল অধিকতর শুনানির তারিখ ধার্য করেন।
রোববার একই আদালত হারিছ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ২৪ এপ্রিল নির্ধারণ করেন।
গত ৫ এপ্রিল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এসএম আখতার হামিদ ভূইঞা এবং হারিছ চৌধুরীর বিরুদ্ধেউপ-পরিচালক আবু সাঈদ একই দিন পৃথক দুটো মামলা করেন।
