শেরপুরে সাবেক সাংসদের ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক রুবেলের ছোট ভাই মাহবুবুল হক রুপনের বিরুদ্ধে শনিবার রাতে চাঁদাবাজির মামলা হয়েছে।
শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের হযরত আলী ১ লাখ ৮২ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রুপনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলাটি দায়ের করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদুল আলম জানান, জমি নিয়ে বিরোধ মেটানোর আশ্বাস দিয়ে গত বছরের জুলাই মাসে রুপন ওই পরিমাণ টাকা চাঁদা নেন বলে অভিযোগ করেছেন হযরত আলী।
উল্লেখ্য, রুপন গত ১৮ মার্চ ঢাকার কাফরুল থানা এলাকার বাসা থেকে তার বড় ভাই সাংসদ মাহমুদুল হক রুবেলের সঙ্গে যৌথবাহিনীর হাতে আটক হন। তারা এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
