ঝিনাইদহ রাজশাহী কুড়িগ্রামে চার জেএমবি সদস্য গ্রেফতার
ঝিনাইদহ, রাজশাহী ও কুড়িগ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। শনিবার রাত ও রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদিকে জয়পুরহাটে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে জেএমবির পলাতক নেতা মন্তেজার রহমানের দুই মেয়ে ও জামাতাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝিনাইদহ প্রতিনিধি জানান, শনিবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বইসহ হরিণাকুণ্ড উপজেলার কন্যাদহ গ্রামের জাকির হাসান রাজু ও উল্লা মসজিদের ইমাম আবু হাসানকে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে তিন কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর হাফিজুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজশাহী প্রতিনিধি জানান, বাগমারার হামিরকুৎসা গ্রাম থেকে শনিবার মধ্যরাতে আব্দুল জলিল (৩৬) নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমসেদ আলীর ছেলে আব্দুল জলিল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কুড়িগ্রাম প্রতিনিধি জানান, রোববার দুপুরে রৌমারী বাজার থেকে জেএমবি সদস্য উজ্জ্বলকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত চার দিনে কুড়িগ্রামে জেএমবির মোট ১৯ সদস্যকে গ্রেফতার করা হলো।
জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেফতার করা জঙ্গি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জয়পুরহাট প্রতিনিধি জানান, বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রাম থেকে জেএমবির পলাতক আঞ্চলিক কমাণ্ডার মন্তেজার রহমানের জামাতা ও ২ মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হচ্ছে, আব্দুল লতিফ বুলু (৪০) এবং ফাতেমা বেগম (৩০) ও মাহমুদা খাতুন (২০)।
জয়পুরহাটের পুলিশ সুপার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষেতলাল থানা পুলিশ রোববার বগুড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মন্তেজার কোথায় আছে তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
