পঞ্চগড়ে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন
একটি ধর্ষণ মামলার রায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো. আফজাল হোসেন রোববার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, বোদা উপজেলার ভিমপুকুরী গ্রামের খামিরউদ্দিনের ছেলে খলিলুর রহমান ও ময়দানদীঘি গ্রামের মহিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম। তবে সাইদুল জামিন নিয়ে পলাতক রয়েছে।
আদালতের রায়ে দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়। মামলার অপর আসামি জম্বু ওরফে মজনু, আয়নাল, নাহিরুল ও সফিকুলকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ ডিসেম্বর রাতে জেম জুট মিলে কাজ শেষে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে ডাঙ্গাপাড়া এলাকায় আসামিরা এক নারী শ্রমিককে ধর্ষণ করে। পরে ওই নারী নিজেই বাদী হয়ে বোদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
