২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে আটকে না রাখার প্রমাণ চেয়েছে হাইকোর্ট

খালেদা জিয়াকে যে বেআইনিভাবে আটকে রাখা হয়নি তা প্রমাণের জন্য কেন তাকে আদালতের সামনে হাজির করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষাসচিব, যৌথবাহিনীর কমান্ডার, র‌্যাবের মহাপরিচালকসহ ছয়জনকে পাঁচ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

রোববার দুপুরে বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিয়া এবং বিচারপতি এমদাদুল হক এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়। সকালে আদালত খালেদা জিয়ার অবস্থা ও অবস্থান দুপুর ২ টার মধ্যে লিখিতভাবে জানাতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছিল। গত বৃহস্পতিবারও এ বেঞ্চ খালেদা জিয়ার অবস্থা লিখিতভাবে জানাতে বলেছিল।

সরকারপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ দুপুরে লিখিত আকারে বক্তব্য উপস্থাপন করে বলেন, খালেদা জিয়াকে গৃহবন্দি বা অন্তরীণ রাখার কোনো আদেশ সরকার দেয়নি। সরকারের জবাবে আরো বলা হয়েছে, আবেদনকারী বাবুল চৌধুরী একজন অনাহুত আগন্তুক। তার এ মামলা দায়ের করার কোনো এখতিয়ার নেই।

আদালত বলেন, আবেদনকারীরা অভিযোগ করেছেন খালেদা জিয়াকে কারো সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে যেতে দেওয়া হয়নি। এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কে এম ওবায়দুর রহমানের কুলখানিতে যেতে দেওয়া হয়নি। এরকম অভিযোগ আসলে তা পরীক্ষা করার এখতিয়ার আদালতের রয়েছে।

এসময় আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চান, আবেদনকারীর অভিযোগ সম্পর্কে সরকারের বক্তব্য কি?

জবাবে অতিরিক্ত এটর্নি জেনারেল বলেন, তাদের আবেদনেই বলা হয়েছে, খালেদা জিয়াকে কোনো আটকাদেশ দেওয়া হয়নি। তার চলাচলে কোন বাধা নেই। শনিবার তিনি তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন।

আবেদনকারীর পক্ষে আইনজীবী আজিজুল হক বলেন, বেগম জিয়ার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আবেদনকারী বাবুল চৌধুরী কোন আগন্তুক নয়। জিয়া পরিবারের ঘনিষ্ঠ সদস্য। তাই তার এ আবেদন দায়ের করার এখতিয়ার রয়েছে।

আদালত অতিরিক্ত এর্টনি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, উনি যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন, তাকে যে বিদেশে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে না তা হলফ করে বলতে পারবেন?

উত্তরে অতিরিক্ত এর্টনি জেনারেল বিষয়টি খোঁজখবর নেবেন বলে আদালতকে জানান।

এ পর্যায়ে আদালত আদেশ দিয়ে বলেন, আদালত আবেদনকারীর আবেদন বিবেচনা করেছে। সরকারের বক্তব্য শুনেছে। আদালতের মতে বিষয়টি পরীক্ষা করে দেখা দরকার। তাই পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর রুল জারি করা হলো।

এ সময় আবেদনকারীর অপর আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া খালেদা জিয়াকে জোর পূর্বক বিদেশে পাঠানোর ওপর নিষেধাজ্ঞার আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে।

আবেদনটির ওপর পূর্নাঙ্গ শুনানির জন্য দিন ধার্যের আরও একটি আবেদনও আদালত নাকচ করে দেয়।

এর আগে সকালে অতিরিক্ত এটর্নি জেনারেল মৌখিকভাবে আদালতকে বলেন, খালেদা জিয়াকে গৃহবন্দি রাখা হয়নি।

খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা চ্যালেঞ্জ করে এবং ইচ্ছার বিরুদ্ধে বিদেশে না পাঠাতে সরকারকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে বৃহস্পতিবার এ আবেদন করা হয়।

জিয়া পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইলের বাবুল চৌধুরী এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখে মাত্র চারজন ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে। তার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, দলীয় নেতাকর্মী এবং আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।

আবেদনে আরও বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে সরকারই স্বীকার করছে। তারপরও তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কোনো মামলা না থাকা সত্ত্বেও তার ছোট ছেলেকে আটক করা হয়েছিল। এসবই করা হচ্ছে তাকে চাপ প্রয়োগ করার জন্য ও দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য।

আবেদনে খালেদা জিয়াকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত ও জোর করে বিদেশ না পাঠানোর জন্য সরকারের প্রতি রুল জারির আহ্বান জানানো হয়।

বাবুল চৌধুরীর আবেদনে স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, জেলা প্রশাসক, র‌্যাবের মহাপরিচালক, যৌথবাহিনীর অধিনায়ক এবং ডিএমপি কমিশনারকে পক্ষভুক্ত করা হয়।