চোর, ডাকাতরা আবার বিজয়ী হলে নির্বাচন দিয়ে কী লাভ: মইনুল
দ্রুত নির্বাচন দাবির সমালোচনা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেছেন, “সৎ সরকারই যদি না পাই, আবারও যদি চোর-ডাকাতরা জয়ী হয়, তবে নির্বাচন দিয়ে কী লাভ?”
একই সঙ্গে সাম্প্রতিক কালে রাজনৈতিক দলগুলোতে পরিবর্তনের আভাস দেখা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি আরও মন্তব্য করেন, একই ব্যক্তির বারবার প্রধানমন্ত্রী হওয়া ঠিক নয়।
রোববার আইন মন্ত্রণালয়ে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, “বর্তমান সরকার রাজনৈতিক সংস্কার ও দেশকে ঠিক রাখার জন্য কাজ করছে। নির্বাচন দিতে আমরাও চাই। কিন্তু তার আগে রাজনীতিকদের বলতে হবে, তারা কিসের জন্য নির্বাচন চান, কেমন নির্বাচন চান। সৎ সরকারই যদি না পাই, আবারও যদি চোর-ডাকাতরা নির্বাচনে জয়ী হয়, তবে নির্বাচন দিয়ে কি লাভ?”
ঘরোয়া রাজনীতিতে নিষেধাজ্ঞার মধ্যে বিএনপিতে টানাপোড়েন, দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও দলীয় নেতা হান্নান শাহর এর বক্তব্য এবং আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “তারা তো ভালোই করেছেন। রাজনৈতিক দল তো নিষিদ্ধ করা হয়নি। দলীয় রাজনীতি সংস্কারে যারা কাজ করছে, সরকার তাদের প্রতি সহনশীল। সরকার তাদের সহায়তা করবে। বর্তমান সরকার চায় সৎ লোকেরা রাজনীতিতে আসুক এবং থাকুক।”
তিনি বলেন, “দেশের রাজনীতিতে একটি পরিবর্তন আসতে শুরু করেছে। পরিবর্তন এলে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আমরা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ভালো লোকদের জন্য সুযোগ সৃষ্টি করতে চাই।”
উপদেষ্টা বলেন, “এতদিন দলগুলোতে প্রকৃত রাজনীতিকরা বঞ্চিত ও নিগৃহীত ছিলেন। প্রকৃত রাজনীতিবিদ ও দেশের মানুষ প্রতিটি পদেই ছিলেন অসহায়। এ সুযোগে কেউ কেউ দূর্নীতি ও দখলবাজি চালিয়ে গেছে। এখন দলগুলোতে সংস্কার হচ্ছে, রাজনীতিতে কিছু পরিবর্তন হচ্ছে। দলীয় রাজনীতিতে পরিবর্তন ও সংস্কারে প্রকৃত রাজনীতিকরা এগিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে দলের ভেতরে ‘নিগৃহীত’ নেতা, ‘লজ্জিত’ নেতারা এখন সক্রিয় হচ্ছেন।”
ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “এতদিন দলগুলোতে রাজনীতি বলে কিছু ছিল না। ছিল ব্যক্তিগত আনুগত্য ও পরিবারতন্ত্র। একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হবেন বা একটি দলের প্রধান হবেন, তা হতে পারে না। দলের ভেতরেও গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হবে। দলীয় প্রধানের পরিবারে কেউ যোগ্য থাকতে পারে, তাকেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে।”
রাজনীতিবিদদের দায়িত্বহীনতার কারণে দেশ আজ মহাসঙ্কটে-এ মন্তব্য করে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, বর্তমান সরকার এ সঙ্কট থেকে উত্তরণের চেষ্টা করছে।
দূর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “অনেকের দূর্নীতি নিয়েই সরকার কাজ করছে। কিন্তু সবার দূর্নীতি নিয়ে কাজ করতে গেলে তো সরকার আসল কাজই করতে পারবে না। এতে দেশে শান্তিও আসবে না। সরকার যতটুকু পারছে করার চেষ্টা করছে। যারা বাদ পড়ছেন প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জাতীয় সরকার গঠনের উদ্যোগ কোন পর্যায়ে রয়েছে-এ প্রশ্নে উপদেষ্টা বলেন, “জাতীয় সরকারের মানে কী? এটাই তো আমি জানি না। জাতীয় সরকারের কথা বলছেন, তবে আমরা কী? আমরা কি আন্তর্জাতিক সরকার? আসলে সব সরকারই জাতীয় সরকার। জাতীয় সরকার বলে কিছু নেই।”
