২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য সমস্যা দূর করতে ভেজাল নিয়ন্ত্রণের ওপর জোর দিতে হবে: কৃষি উপদেষ্টা

অপুষ্টি প্রতিরোধ ও স্বাস্থ্য সমস্যা দূর করতে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের ওপর জোর দিতে হবে। এ কথা বলেছেন কৃষি উপদেষ্টা সি এস করিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 01:19 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

রোববার আইসিডিডিআর’বি মিলনায়তনে অপুষ্টি প্রতিরোধ বিষয়ক পাঁচ দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার উদ্বোধনকালে উপদেষ্টা এ কথা বলেন।

সি এস করিম বলেন, “ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। আর অপুষ্টি কিংবা স্থূলতা-দুটি বিষয়ই স্বাস্থ্য সমস্যা।”

উপদেষ্টা বলেন, উন্নয়নশীল দেশগুলোতে সুষম পুষ্টি নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা কর্মশালায় অংশগ্রহণকারীরা ভালোভাবে জানতে পারবে।

বাংলাদেশ আনবিক শক্তি কমিশন এবং আইসিডিডিআর’বি যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইসিডিডিআর’বি এর নির্বাহী পরিচালক ডেভিড সাক। মূল প্রবন্ধ উপস্থাপান ডা. তাহমিদ আহমদ।

কর্মশালায় অংশ নিচ্ছেন বিশ্বের ১৭টি দেশের ২৯ জন প্রতিনিধি । এতে আর্থিক সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ)। ২০০৫ সালে নোবেল পুরস্কার থেকে পাওয়া অর্থ আইএইএ এ অপুষ্টি নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যয় করছে।