মিরপুরে ঘাতক বাবার বিরুদ্ধে মামলা
মিরপুরে দুই মেয়ে হত্যার অভিযোগে রেজাউল করিমের বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করা হয়েছে।
রেজাউল করিমের স্ত্রী আসমা করিম বাদী হয়ে সকালে মিরপুর থানায় এই মামলাটি দায়ের করেন।
মিরপুর থানার উপ-পরিদর্শক আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেজাউল করিম শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্মচারী সোহেলকে দোকানে রেখে মিরপুর ১০ এর বি ব্লকের ১১/১ নাম্বার সড়কে নিজ বাসায় যান। স্ত্রীর অনুপস্থিতিতে তিনি প্রথমে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে বিষপান করেন।
পরে এলাকাবাসী বাসার দরজা ভেঙে তিন জনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রেজাউল করিম এখন সেখানে চিকিৎসাধীন আছেন।
