প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা অর্জনের মেয়াদ বৃদ্ধি
১৯৯২ সালের জুলাই মাসের আগে নিয়োগ পাওয়া নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যাতা অর্জনের সময়সীমা আরো এক বছর বাড়ানো হয়েছে।
ওই সময়ে নিয়োগ পাওয়া যেসব শিক্ষক এইচএসসি পাস করেননি কিংবা যারা এসএসসি ও এইচএসসি দুটি পরীক্ষাতেই তৃতীয় বিভাগ পেয়েছেন তাদেরকে এবছরের নভেম্বরের মধ্যে পরীক্ষায় অংশ নিয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ পেতে হবে।
শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা অর্জনের মেয়াদ পাঁচদফা বাড়ানো হলো।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯০ সাল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরাও সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়োগের সুযোগ পেত। ১৯৯২ সালে সরকার এ ব্যপারে একটি পরিপত্র জারি করে। এতে বলা হয় এসএসসি ও এইচএসসির যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। যারা কেবল এসএসসি পাশ করেছেন তাদের এইসএসসি পাশ করতে হবে।
তাদের ক্ষেত্রে সরকার নির্ধারিত সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ প্রাপ্তির শর্ত বেধে দেয়। এজন্য সরকার কয়েক দফা সময় বৃদ্ধি করে।
মো. শামসুল আলম বলেন, “প্রয়োজনে সরকার এসব শিক্ষকের জন্য প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউটে প্রশিক্ষণের আয়োজন করতে পারে। অনেকে ৩০ থেকে ৩৫ বছর ধরে চাকরি করছেন। কারো কারো চাকরির মেয়াদ আর চার-পাঁচ বছর বাকি আছে। এ সময় আবার এইচএসসি পরীক্ষা দেওয়া অনেকের পক্ষেই সম্ভব না। সরকারের উচিৎ ওই পরিপত্রটি বাতিল করা।”
১৯৯২ সালের জুলাই মাসের মধ্যে নিয়োগ পাওয়া ৪৪ হাজার শিক্ষকের মধ্যে ২০ হাজার ইতোমধ্যে নির্ধারিত যোগ্যতা অর্জন করেছেন। বাকি ২০ হাজার শিক্ষককে সরকারের বেধে দেওয়া সময়ের মধ্যে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে।
