পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত
পাবনায় শনিবার রাতে র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বাবু (৩৭) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক, দুই রাউণ্ড গুলি এবং গুলির খোসা।
নিহত বাবুর বাড়ি আতাইকুলা থানার শ্রীকুল গ্রামে। তার বাবা রইচ উদ্দিন। বাবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি হত্যাসহ ডজনখানেক মামলা আছে।
পাবনা র্যাবের সহকারী পরিচালক এএসপি তানভীর আরাফাত জানান, রাত সাড়ে ৭টার দিকে পাবনা সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রামে ধোপপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে সন্ত্রাসীরা একজনকে হত্যার প্রস্তুতি নিচ্ছে-খবর পেয়ে র্যাব-১২ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পাল্টা গুলি চালালে নিহত হন বাবু।
