খুলনায় বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর গুলি, আহত ৯০, গ্রেপ্তার ৫০
ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে খুলনার শিল্পাঞ্চলে। আন্দোলনরত পাটকল শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে শনিবার দিনভর গোটা খালিশপুর শিল্পাঞ্চল ছিল রণক্ষেত্র। পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ, রাবার বুলেট ও শটগানের গুলিতে আহত হয়েছেন নয় পুলিশসহ কমপক্ষে ৮০ জন শ্রমিক। গ্রেপ্তার করা হয়েছে আরো ৫০ জনকে। দিনব্যাপী সংঘর্ষের পর সমগ্র শিল্পাঞ্চলে অচল হয়ে পড়েছে জীবনযাত্রা। সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিডিআর ও সেনা সদস্যদের। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন সুবীর রায়...
বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিক আন্দোলনের মুখে বৃহস্পতিবার খালিশপুরের স্টার, প্লাটিনাম জুবিলি, ক্রিসেন্ট ও পিপলস-এ চারটি পাটকল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বিজেএমসি। এর পর থেকেই উত্তপ্ত হয়ে পড়ে গোটা শিল্পাঞ্চল।
শনিবার সকালে শিল্পাঞ্চলের বিআইডিসি রোড, প্লাটিনাম জুবিলি মিল গেট, পিপলস মিল গেট এবং ক্রিসেন্ট জুট মিল গেটের সামনে পাটকল শ্রমিকরা সমবেত হতে চাইলে পুলিশ বাধা দেয়। এর পরই শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া।
এক পর্যায়ে পুলিশ মারমুখী হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ এ সময় অন্দোলনরত শ্রমিকদের পাশাপাশি কলোনিগুলোর নিরীহ বাসিন্দাদেরও নির্বিচার লাঠিপেটা করে। দুপুরের আগ পর্যন্ত শ্রমিকদের কোথাও পেলেই পিটিয়েছে পুলিশ।
দুপুরের পর পাল্টা প্রতিরোধ গড়েন শ্রমিকরা। আসলাম নামে ক্রিসেন্ট জুট মিলের একজন শ্রমিকের মৃত্যুর গুজবে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।
পুলিশ এ সময় পাঁচ শতাধিক কাঁদানে গ্যাসের সেল, রাবার বুলেট, শটগানের গুলি নিক্ষেপ করে দাবি করেছেন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম। অবশ্য পুলিশ ১০০ রাউন্ড কাঁদানে গ্যাস সেল ও ২৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ার কথা স্বীকার করেছে।
সংঘর্ষে কমপক্ষে ৮০ জন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। গ্রেপ্তার এড়াতে তারা গোপন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ নাজমুল হক সংঘর্ষে নয় পুলিশ সদস্যের আহত হওয়ার কথা স্বীকার করেছেন।
পরিস্থিতি পর্যালোচনা করতে বিকাল ৩ টায় কেএমপি সদর দপ্তরে জরুরি বৈঠক হয়। কেএমপি কমিশনার নাজমুল হকের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন সাময়িক বন্ধ ঘোষিত চারটি পাটকলের প্রকল্প প্রধান এবং শ্রম অধিদপ্তর ও বিজেএমসি কর্মকর্তারা।
এ ব্যাপারে কেএমপি কমিশনার মোঃ নাজমুল হক জানান, মিলের প্রকল্প প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মিলগুলো যে কয়দিনের জন্য বন্ধ করা হয়েছে তার অর্ধেক দিন হিসাব করে শ্রমিকদের ছয় কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দু’একদিনের মধ্যে মিল এলাকার বাইরে নিরাপদ স্থানে এই পাওনা পরিশোধ করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, শনিবারের সংঘর্ষের সময় ১০০ রাউন্ড টিয়ার সেল ও ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে ৫০ জন শ্রমিককে।
বকেয়া বেতনের দাবিতে খুলনার চারটি সরকারি পাটকল প্লাটিনাম জুবিলি, স্টার, ক্রিসেন্ট ও পিপলসের শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এর এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে সহকারী পুলিশ কমিশনারসহ অন্তত ৩৫ জন আহত হন। এ ঘটনায় দুশ’ শ্রমিককে আসামি করে পুলিশ একটি মামলা করে।
বুধবার শিল্পাঞ্চলের শ্রমিকরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন বিক্ষুব্ধ শ্রমিকরা খালিশপুরের পাবলা পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়। এরপর খালিশপুর শিল্পাঞ্চলে জারি করা হয় ১৪৪ ধারা।
ওই দিন বিকাল ও পরদিন বৃহস্পতিবার সকাল ও দুপুরে চারটি পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বিজেএমসি ও স্থানীয় প্রশাসনের দুদফা বৈঠক হয়। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেএমসির সচিব ফজলুল হক ফ্যাক্সবার্তায় প্লাটিনাম জুবিলি জুট মিল ৪৫ দিন এবং ক্রিসেন্ট জুট মিল, পিপলস জুট মিল ও স্টার জুট মিল ২১ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন।
