মংলা বন্দরে ‘মাচেন্ট প্রথা’ মেনে নিয়েছেন শ্রমিকরা
৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর মংলা বন্দরে হিমায়িত পণ্যের কন্টেইনারবাহী জাহাজে মালামাল ওঠানামার কাজ আবার শুরু হয়েছে। শনিবার দুপুর আড়াইটা থেকে শ্রমিকরা কাজে যোগ দেন।
বন্দরে ‘মার্চেন্ট প্রথা’ বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে হিমায়িত পণ্যবাহী জাহাজে মালামাল ওঠানামার কাজ বন্ধ করে দেন হ্যান্ডেলিং শ্রমিকরা। এ প্রথায় হিমায়িত পণ্যবাহী জাহাজের মালামার ওঠানামায় বন্দরের কেবল ৬৮ জন শ্রমিককে নিয়োগ দেয় বন্দর কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে শ্রমিকরা আন্দোলনে নামলেও শনিবার সকালে বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা মার্চেন্ট প্রথা মেনে নিয়ে কাজে যোগ দিতে রাজি হন।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আশরাফ মোহাম্মদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার রাত থেকে হিমায়িত চিংড়িবাহী কন্টেইনার ওঠানামার ক্ষেত্রে আগের হ্যান্ডেলিং প্রথা বাতিল করে মার্চেন্ট প্রথা চালু করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা বৃহস্পতিবার রাত থেকে হিমায়িত পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখলেও শনিবার দুপুর আড়াইটা থেকে তারা আবার কাজে যোগ দিয়েছেন।
জাহাজে মালামাল ওঠানামার কাজ এখন স্বাভাবিকভাবে চলছে বলে জানান তিনি।
