র্যাংগস ভবন ভেঙে ফেলার নীতিগত সিদ্ধান্ত
রাজধানীর কেন্দ্রে বিজয় সরণির পূর্বপ্রান্তে অবৈধভাবে নির্মিত র্যাংগস ভবন ভেঙে ফেলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বলা হয়েছে,শিগগরিই গণপূর্ত মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
গণপূর্ত উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র্যাংগস ভবন ভেঙে ফেলার জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এখন পূর্ত মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে”।
তিনি বলেন,“সব উপদেষ্টার মত নেওয়ার জন্য র্যাংগস ভবনের বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়েছিল। সেখানে ভবনটি ভেঙে ফেলার বিষয়ে সবাই ইতিবাচক মত দিয়েছেন”।
ব্যারিস্টার মইনুল হোসেন ১২ এপ্রিল সাংবাদিকদের বলেছিলেন , “র্যাংগস ভবনের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছি। তিনি সময় দিলে সব উপদেষ্টার সামনে এ ভবনের বিষয়টি উপস্থাপন করা হবে। ভবনটি ভাঙা হবে কি না এবিষয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবো।”
সরকারের নীতিনির্ধারকদের একজন জানান, র্যাংগস ভবন ভেঙ্গে ফেলার বিষয়ে আদালতে মামলার বিষয়টিসহ অন্যান্য সব বিষয় দেখে পূর্ত মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউক ঢাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। এ অভিযানের আওতায় র্যাংগস ভবন পড়লেও বিভিন্ন কারণে তাৎক্ষনিকভাবে তা উচ্ছেদ করা যায়নি।
র্যাংগস ভবনের সার্বিক বিষয়ে তদন্ত করার জন্য পূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব আয়েশা চৌধুরীকে আহবায়ক করে চার সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয় ২৭ ফেব্রুয়ারী। কমিটি তৎকালীন পূর্ত সচিব এস এম জাফর উল্লাহর কাছে ১১ মার্চ তাদের প্রতিবেদন দেয়।
তদন্ত কমিটির সুপারিশে র্যাংগস ভবনের জমির মালিকানা সংক্রান্ত সমস্যা, নকশা, বহুতল ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুমতি সংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
পূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ প্রতিবেদনে জমির মালিকানার উপর জোর দেয়া হয়েছে। ভবনটি তেজকুনি পাড়া মৌজার সিএস প্লট নম্বর ১৫৯ এবং ৫২ নম্বর প্লটের একাংশ জুড়ে নির্মান করা হয়েছে। দু’টি প্লটের মধ্যে ১৫৯ নম্বর প্লটে ১২ কাঠা এবং ৫২ নম্বর ্প্লটে আছে নয় কাঠা জমি। এই মোট ২১ কাঠা জমির মালিকানা সংক্রান্ত কোন দলিল পত্র দেখাতে পারেননি ভবনটির মালিক। তদন্ত কমিটি নিবিড় অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে ১৫৯ নম্বর প্লটের জমি ওয়াক্ফ সম্পত্তি এবং ৫২ নম্বর প্লটের জমি সড়ক ও জনপথ বিভাগের।
রাজউকের সঙ্গে সংশ্লিষ্ট পৃথক একটি সূত্র জানায়, ১৯৮৮ সালে আবদুর রউফ চৌধুরী ডিয়ার্স ইন্টারন্যাশনালের এমডি হিসাবে বিজয় সরণির পূর্ব দিকের এ জমিতে ১০ তলা শপিং কমপ্লেক্স কাম অফিস ভবন নির্মানের জন্য আবেদন করেন। এরপর ১৯৯০ সালে নকশাটি সংশোধনের জন্য আবদুর রউফ চৌধুরী এবং সুলতানা আখতার খান মজলিস যৌথভাবে আবেদন করেন রাজউকের কাছে। সংশোধনীতে ১০ তলা ভবনটি তারা ২২ তলা করার জন্য নকশা দেন।
ওই আবেদনে কতটুকু জমির উপর ভবনটি নির্মান করা হবে এধরনের কোন তথ্য জানানো হয়নি। বিমানের রুটের উপর ২২ তলা ভবন নির্মান সংক্রান্ত কোন ছাড় পত্র এতে দেওয়া হয়নি। এধরনের অসম্পুর্ন নকশা রাজউক অনুমোদন করেছে অনেকটা চাপের মুখে পূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাও তদন্ত কমিটির কাছে স্বীকার করেছেন।
