শ্যাওড়াপাড়ায় বাসের ধাক্কায় ১ জন নিহত, অগ্নিসংযোগ
রাজধানীর শ্যাওড়াপাড়ায় শুক্রবার দুপুরে দ্রুতগামী বাসের চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটি পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় এবং কয়েকটি গাড়িও ভাঙচুর করে। প্রায় আধাঘন্টা পর পুলিশ, র্যাব এবং যৌথবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে শ্যাওড়াপাড়া ওভারব্রিজের কাছে ওই ব্যক্তিকে বহনকারী রিকশাকে পেছন থেকে শাহআলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরনে ছিল সাদা চেক সার্ট ও লুঙ্গি।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক জয়নাল হোসেন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
